রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।
সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল-এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তার ঘোষণা দেওয়া হয়।
ইউএনএইচসিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬-২০২৮ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দেওয়া এই বহুবর্ষী ও নমনীয় অর্থায়ন বাংলাদেশের কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য জীবনরক্ষাকারী বিভিন্ন সেবা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ সহায়তা
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বজুড়ে মানবিক সহায়তার অর্থায়ন কমে যাওয়ার প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার এই সহায়তা অত্যন্ত সময়োপযোগী। এর মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সুরক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় বিভিন্ন সেবা চালিয়ে যাওয়া সম্ভব হবে।
অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল বলেন, “অস্ট্রেলিয়া আমাদের অঞ্চলের সবচেয়ে বড় মানবিক সংকটগুলো মোকাবিলায় সহায়তা দিয়ে যাচ্ছে। মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে তাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।”
‘রোহিঙ্গাদের বিশ্ব ভুলে যায়নি’
বাংলাদেশে ইউএনএইচসিআরের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি জুলিয়েট মুরেকেয়িসোনি বলেন, প্রায় এক দশক পার হলেও রোহিঙ্গা সংকট বৈশ্বিক মনোযোগ হারানোর ঝুঁকিতে রয়েছে।
তিনি বলেন, “অস্ট্রেলিয়ার ধারাবাহিক সহায়তা একটি স্পষ্ট বার্তা দেয়—রোহিঙ্গাদের বিশ্ব ভুলে যায়নি। তাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অব্যাহত রাখা জরুরি।”
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বলেন, নারী, কন্যাশিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ মানুষের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতেই এই অর্থায়ন দেওয়া হচ্ছে।
১২ লাখ রোহিঙ্গা এখনও মানবিক সহায়তার ওপর নির্ভরশীল
২০১৭ সালে মিয়ানমারে সহিংসতা ও নির্যাতনের মুখে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। তাদের অধিকাংশই খাদ্য, চিকিৎসা, আশ্রয় ও অন্যান্য মৌলিক প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
ইউএনএইচসিআর জানায়, দীর্ঘদিনের অর্থসংকটের কারণে শরণার্থীদের জীবন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেকেই জীবিকার সন্ধানে বা উন্নত ভবিষ্যতের আশায় বিপজ্জনক সমুদ্রপথে যাত্রা করতে বাধ্য হচ্ছেন।
সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে আন্দামান সাগর ও বঙ্গোপসাগর পাড়ি দেওয়ার সময় প্রায় ৯০০ রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন অথবা প্রাণ হারিয়েছেন।
নতুন বাস্তুচ্যুতি, বাড়ছে সংকট
ইউএনএইচসিআরের তথ্যমতে, ২০২৪ সাল থেকে নতুন করে প্রায় ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের অনেকেই এখনও পর্যাপ্ত আশ্রয়, নিরাপদ পানি, স্যানিটেশন এবং পরিচ্ছন্ন রান্নার জ্বালানির মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত।
সংস্থাটি বলছে, তাৎক্ষণিক মানবিক সহায়তার পাশাপাশি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি সম্প্রসারণও জরুরি, যাতে দীর্ঘমেয়াদি বাস্তুচ্যুতির মধ্যেও রোহিঙ্গারা ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে পারেন।
ইউএনএইচসিআর মনে করে, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। অস্ট্রেলিয়ার এই নতুন অর্থায়ন সেই বৈশ্বিক সংহতিরই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে রয়টার্সের প্রতিবেদন নাকচ সরকারের
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তবে রয়টার্সের এ দাবি নাকচ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর দেশত্যাগের পর বাংলাদেশ...
১ দিন আগে
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির
সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে উপজেলা সদর এলাকার ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১
২ দিন আগে
গাজীপুরে ২৫ প্লাটুন বাহিনী মোতায়েন শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক অবস্থা
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের পর নবম দিনের মতো গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবিসহ মোট ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।রোববার (৮ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার...
২ দিন আগে
সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন উপলক্ষে আগামী সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ৮ নভেম্বর রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর)...
৪ দিন আগে
