জাতিসংঘে প্রথম দিনে তারেকের ১০ কর্মসূচি, গুরুত্ব পেয়েছে কূটনীতি-অর্থনীতি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসব কর্মসূচিতে বহুপক্ষীয়, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় কূটনীতি, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বার্থ গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এটিকে ‘৩৬০ ডিগ্রি কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশল’-এর প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মাহদী আমিন এসব তথ্য জানান। তিনি বলেন, প্রথম দিনে নির্ধারিত ১২টি কর্মসূচির মধ্যে সময়স্বল্পতার কারণে দুটি বাদ পড়ে। বাকি ১০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রী সরাসরি অংশ নেন।
দিনের কর্মসূচির শুরুতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া স্বাগত প্রাতঃরাশে অংশ নেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। এরপর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন।
আঞ্চলিক ও দ্বিপক্ষীয় পর্যায়ে ভুটানের প্রধানমন্ত্রী, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও তার দ্বিপক্ষীয় বৈঠক হয়। এসব বৈঠকে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার, আঞ্চলিক বিভিন্ন বিষয় এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, বিনিয়োগ এবং আন্তর্জাতিক ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতাসহ দুই দেশের সামগ্রিক অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এরদোয়ান তারেক রহমানকে তুরস্ক সফরের আমন্ত্রণও জানান।
রোহিঙ্গা সংকটও প্রধানমন্ত্রীর প্রথম দিনের আলোচনায় গুরুত্ব পেয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি। বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ছাড়া বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। বৈদেশিক অর্থনৈতিক ধাক্কা মোকাবিলা, জ্বালানি ও সরবরাহব্যবস্থার সংকট এবং তরুণ উদ্যোক্তা ও কর্মসংস্থান কর্মসূচিতে সহায়তার বিষয়ও আলোচনায় আসে বলে বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন।
অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও প্রযুক্তি খাতের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়েছে। সময়স্বল্পতার কারণে মেটার সঙ্গে নির্ধারিত বৈঠকে প্রধানমন্ত্রী নিজে অংশ নিতে পারেননি; তার পরিবর্তে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।
মাহদী আমিন বলেন, প্রথম দিনের কর্মসূচিগুলোর মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে গুরুত্ব দেওয়ার সরকারের প্রচেষ্টা প্রতিফলিত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে জাতিসংঘে তার প্রথম ভাষণ।
রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাব তারেকের
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের এক বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হওয়া বৈঠকে তিনি রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের একটি স্পষ্ট...
৫ ঘন্টা আগে
বিশ্ববাজার স্থিতিশীল হলে কমতে পারে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল হলে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরিস্থিতি অনুকূলে এলে বর্তমান দামের চেয়েও কম দামে জ্বালানি তেল বিক্রির উদ্যোগ নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি।বুধবার (২৩ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তা...
৬ ঘন্টা আগে
শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের ‘গুপ্ত-সুপ্তরা’ বাতাস দিচ্ছে: রিজভী
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং দেশের ভেতরে থাকা ‘গুপ্ত-সুপ্তরা’ তাতে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পরিকল্পিত সন্ত্রাস ও অগ্নিসংযোগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও...
১০ ঘন্টা আগে
ঢাকায় অফিস খোলার আগ্রহ মেটার
রাজধানী ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মালিকানাধীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। পাশাপাশি বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন, ই-কমার্স ও অনলাইন ব্যবসা সম্প্রসারণে সহযোগিতার বিষয়েও প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব
১১ ঘন্টা আগে
