জাতীয়

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮.৫৭ লাখ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

৫ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদরাসা ও একটি কারিগরি বোর্ডের অধীনে মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। দেশের তিন হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্‌দী আমিন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-এর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে সকাল ৮টা থেকেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে যানজটের কারণে কেউ দেরিতে না পৌঁছায়।

তবে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের লোডশেডিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। অনেক জায়গায় ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় বিঘ্ন ঘটছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে মন্ত্রী বলেন, পরীক্ষাকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রশ্নপত্র ফাঁস ও সাইবার অপরাধ ঠেকাতে কঠোর নজরদারির কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, ‘কেউ যদি সাইবার ক্রাইমসহ কোনো অনিয়মে জড়ায়, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ এ লক্ষ্যে মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সমন্বয় ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, কোর্স সম্পন্ন হওয়ার পরই নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া হবে। তবে এ বছর ডিসেম্বরে পরীক্ষা হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেননি তিনি।

লিখিত বক্তব্যে মাহ্‌দী আমিন বলেন, সরকার শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষাভীতি দূর করতে এবং অভিভাবকদের আশ্বস্ত করতে কাজ করছে। পরীক্ষার্থীরা যাতে শান্ত ও স্বাভাবিক পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, যথাযথ প্রস্তুতি ও নজরদারির মাধ্যমে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom