অপরাধ

নিরাপদ ভ্রমণের ট্রেনেই বাড়ছে ছিনতাই-ডাকাতি

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১৮ ঘন্টা আগে


নিরাপদ ভ্রমণের ট্রেনেই বাড়ছে ছিনতাই-ডাকাতি

ছবি: সংগৃহীত


নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের অন্যতম মাধ্যম ট্রেন। তবে সেই ট্রেনেই সাম্প্রতিক সময়ে বাড়ছে নানা ধরনের অপরাধ। আন্তঃনগর ও মেইল ট্রেনে যাত্রীবেশে উঠে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পাশাপাশি যাত্রীদের চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনাও ঘটছে।

 

মূল্যবান জিনিসপত্র দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা যাত্রীদের ওপর হামলা চালাচ্ছে। এতে কেউ গুরুতর আহত বা পঙ্গু হচ্ছেন, আবার কেউ প্রাণও হারাচ্ছেন। অপরাধ সংঘটনের পর অনেকেই নিকটবর্তী স্টেশনে নেমে যাচ্ছে। পেশাদার অপরাধীদের কেউ কেউ চলন্ত ট্রেন থেকে লাফিয়ে দ্রুত পালিয়ে যায়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব অপরাধীর বড় একটি অংশ মাদকাসক্ত।

রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, গত চার বছর আট মাসে ট্রেনে বিভিন্ন অপরাধের ঘটনায় সারা দেশে ৩ হাজার ১৬১টি মামলা হয়েছে। এর মধ্যে চুরি, ছিনতাই ও ডাকাতির পাশাপাশি অজ্ঞান পার্টি, গামছা পার্টি, টানাপার্টি, ঝুলন্ত ছিনতাইকারী ও পকেটমার চক্রও সক্রিয় রয়েছে।

চলন্ত ট্রেনে একের পর এক হামলা

সাম্প্রতিক সময়ে চলন্ত ট্রেনে ছিনতাই ও হামলার বেশ কয়েকটি ঘটনা উদ্বেগ তৈরি করেছে।

গত ৮ মে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ওমর ফারুক শাওন নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী আহত হন। গাজীপুর যাওয়ার জন্য বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনে ওঠার পর ট্রেনটি স্টেশন ছাড়তেই চার ছিনতাইকারী তাকে পেটে ছুরিকাঘাত করে ৩ হাজার টাকা নিয়ে যায়।

এর আগে ৪ মে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন মালিবাগ এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা ইব্রাহিম নামে এক যুবককে ছুরিকাঘাত করে।

গত ৮ জুন কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন বনানী এলাকায় পৌঁছালে ছিনতাইকারীদের হামলায় মাহিদুল ইসলাম নামে এক স্কুলশিক্ষার্থী আহত হয়। ছিনতাইকারীরা তাকে মারধর ও ব্লেড দিয়ে আঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

২০ জুন তেজগাঁও রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনে ছুরিকাঘাতে আহত হন তোফায়েল ইসলাম নামে এক শিক্ষার্থী। ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়ার জন্য কমলাপুর থেকে চট্টলা এক্সপ্রেসে ওঠা তোফায়েলের পকেট থেকে আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কয়েকজন। বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে যায় তারা।

গত ১৪ সেপ্টেম্বর রাতে কমলাপুর থেকে জামালপুরগামী ব্রহ্মপুত্র ট্রেনে সাজিদ নামে এক যুবককে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

সর্বশেষ ৩০ সেপ্টেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় হাফিজুর রহমান (৩৫) নামে এক যুবককে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

কমছে তল্লাশি, বাড়ছে অপরাধ

রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের বিভিন্ন রুটের চলন্ত ট্রেনে মাঝেমধ্যেই যাত্রীরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন। যাত্রীবেশে ট্রেনে উঠে অপরাধ করে দ্রুত নেমে যাচ্ছে সংঘবদ্ধ চক্রগুলো।

কেউ কেউ চেতনানাশক স্প্রে ব্যবহার করে যাত্রীদের অচেতন করে মালামাল লুটে নেয়। আবার সুযোগ বুঝে পকেটমার ও টানাপার্টির সদস্যরা সক্রিয় থাকে।

সংশ্লিষ্টদের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ট্রেনে অপরাধের মাত্রা বেড়েছে। আগের তুলনায় তল্লাশি কমে যাওয়ায় অপরাধীরা আরও সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে।

তবে রেলওয়ে পুলিশ বলছে, অপরাধ প্রতিরোধে তাদের তৎপরতা বাড়ানো হয়েছে। স্টেশনে তল্লাশি, ট্রেনে গার্ড ডিউটি এবং সাদা পোশাকে নজরদারি জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযানও চলছে।

রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার নিকুলিন চাকমা বলেন, ট্রেনে তল্লাশি ও প্ল্যাটফর্মকেন্দ্রিক নিরাপত্তা বাড়ানো হয়েছে। ট্রেনে পুলিশের গার্ড ডিউটিও বাড়ানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে রেলওয়ে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

অপরাধবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, নজরদারি কম থাকার কারণে ট্রেনে অপরাধ বাড়ছে। রেলব্যবস্থাকে প্রযুক্তিগতভাবে নজরদারির আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।

চার বছর আট মাসে ৩,১৬১ মামলা

রেলওয়ে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে ট্রেনে বিভিন্ন অপরাধে ৭৮৬টি, ২০২৩ সালে ৬৩৯টি, ২০২৪ সালে ৬৪৫টি এবং ২০২৫ সালে ৮৫১টি মামলা হয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে হয়েছে আরও ২৫০টি মামলা। সব মিলিয়ে চার বছর আট মাসে মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৬১।

মামলার নথি পর্যালোচনায় গত কয়েক বছরে ট্রেনে চুরির ঘটনাও উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানা গেছে। বর্তমানে রেলওয়ে পুলিশের সদস্যসংখ্যা ২ হাজার ৪৯৩ জন। ছয়টি রেলওয়ে জেলায় তাদের ২৪টি থানা ও ৩৩টি ফাঁড়ি রয়েছে।

সীমিত জনবল দিয়ে এত বড় রেল নেটওয়ার্কে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অতিরিক্ত জনবল চেয়ে পুলিশ সদর দপ্তরে আবেদনও করেছে রেলওয়ে পুলিশ।

অপরাধ ঠেকাতে এআই ক্যামেরার পরিকল্পনা

ট্রেনে অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে স্টেশনগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করছে রেলওয়ে পুলিশ।

সূত্র জানায়, কোনো ট্রেনে অপরাধ সংঘটিত হলে ওই ট্রেন যে স্টেশন থেকে ছেড়ে গেছে, সেখানকার ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করার পরিকল্পনা রয়েছে। এ জন্য এআই প্রযুক্তি ব্যবহারের প্রক্রিয়া চলছে।

অপরাধীদের তথ্যভান্ডার হালনাগাদের উদ্যোগ

বিভিন্ন সময় ট্রেনে অপরাধ করে গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে একই ধরনের অপরাধে আবার জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় অপরাধীদের তথ্যভান্ডার বা ক্রিমিনাল ডেটা ম্যানেজমেন্ট (সিডিএম) নতুন করে হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই ডেটাবেজে ট্রেনে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের তথ্য, বর্তমান অবস্থান এবং তাদের বিরুদ্ধে থাকা মামলার সর্বশেষ অবস্থা সংরক্ষণ করা হবে। ম্যানুয়াল রেকর্ডের পাশাপাশি কম্পিউটারভিত্তিক তথ্যভান্ডারেও এসব তথ্য রাখা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তিনির্ভর নজরদারি, পর্যাপ্ত জনবল এবং নিয়মিত তল্লাশি একসঙ্গে জোরদার করা গেলে ট্রেনে সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু অভিযান নয়, অপরাধীদের দ্রুত শনাক্ত ও বিচারের আওতায় আনার কার্যকর ব্যবস্থাও জরুরি।


সোনারগাঁয়ে আ.লীগ নেতার ছোট ভাই সানজিদ হাসনাত গ্রেপ্তার
সোনারগাঁয়ে আ.লীগ নেতার ছোট ভাই সানজিদ হাসনাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাই। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার মোগরাপাড়া এলাকার ‘রেইন ফরেস্ট ইকো রিসোর্ট’ থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।পুলিশ

৫ ঘন্টা আগে


আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা, ক্ষোভ সাদিক কায়েমের
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা, ক্ষোভ সাদিক কায়েমের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অব্যবস্থাপনার প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘হয়রানির শিকার হয়ে নাগরিকরা প্রতিবাদ করলে উল্টো মামলা খেতে হবে—এটাই কি বিএনপির

১ দিন আগে


সংবাদ প্রকাশের পর হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম বদলি
সংবাদ প্রকাশের পর হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম বদলি

সংবাদ প্রকাশের পর হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. জিল্লুর রহমানকে বদলি করা হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) এক অফিস আদেশে তাকে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বদলি করা হয়।বৃহস্পতিবার ( 2 অক্টোবর) জারি করা ওই অফিস আদেশে বলা হয়েছে, কাজের স্বার্থে ও

১ দিন আগে

Dr.Mahfuzul Alom