রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীনা কোম্পানি, প্রতি ইউনিট ২৫ টাকা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে একটি চীনা কোম্পানি। আগামী দেড় বছরের মধ্যে প্রকল্পটি চালু করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা করা হয়েছে। উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিট সরকার প্রায় ২৫ টাকা দরে কিনবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি জানান, ঢাকার আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে চীনা একটি কোম্পানি। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিদিনের বিপুল পরিমাণ বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি তা থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
প্রকল্পের আওতায় উৎপাদিত প্রায় ৪২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ প্রকল্পের আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় চুক্তি আগামী ২ সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রকল্পটি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে প্রাথমিক চুক্তি হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২৫ টাকা
বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রতি ইউনিট ২৫ টাকা দরে কেনার বিষয়টি নিশ্চিত করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, অন্যান্য উৎসের তুলনায় এ দাম বেশি মনে হতে পারে। তবে শুধু বিদ্যুতের দাম বিবেচনা করলে বিষয়টি পুরোপুরি বোঝা যাবে না।
তিনি বলেন, দেশে বর্তমানে নিজস্ব গ্যাসের মাধ্যমে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের খরচ পড়ে প্রায় ৬ থেকে ৭ টাকা। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ক্যাপাসিটি চার্জসহ প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড়ে ১২ থেকে ১৪ টাকা খরচ হয়।
অন্যদিকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বেসরকারি ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারদের কাছ থেকে গড়ে প্রতি ইউনিট ১৪ টাকা ৪৫ পয়সা দরে বিদ্যুৎ কিনছে। বিভিন্ন উৎস থেকে ভিন্ন ভিন্ন দামে বিদ্যুৎ কিনে সরকার পাইকারি পর্যায়ে গড়ে ৮ টাকা ৩৯ পয়সা দরে বিক্রি করছে বলেও জানান তিনি।
‘দাম বেশি হলেও প্রকল্পটি লাভজনক’
বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুতের দাম তুলনামূলক বেশি হলেও প্রকল্পটি সামগ্রিকভাবে দেশের জন্য লাভজনক হবে বলে মন্তব্য করেন মীর শাহে আলম।
তিনি বলেন, ‘২৫ টাকা দরে প্রতি ইউনিট বিদ্যুৎ কেনার খরচ একটু বেশি মনে হলেও প্রকৃতপক্ষে এটি আমাদের জন্য লাভজনক।’
প্রতিমন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী, প্রকল্পটির মূল সুবিধা শুধু বিদ্যুৎ উৎপাদনে সীমাবদ্ধ নয়। রাজধানীর বিপুল পরিমাণ বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি ল্যান্ডফিলের ওপর চাপ কমানো এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণেও এ প্রকল্প ভূমিকা রাখবে।
তিনি বলেন, ময়লা-আবর্জনা ধ্বংস করার পাশাপাশি বর্জ্য প্রক্রিয়াজাতকরণের পর যে অবশিষ্ট অংশ থাকবে, তা থেকে জৈবসারও উৎপাদন করা সম্ভব হবে।
সরকারের বিনিয়োগ লাগবে না
চীনা কোম্পানিটি আমিনবাজারের ল্যান্ডফিল ব্যবহার করবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ জন্য সংশ্লিষ্ট সিটি করপোরেশনকে কোম্পানিটিকে মাসিক ভাড়া দিতে হবে।
তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকারকে নিজস্ব অর্থ বিনিয়োগ করতে হচ্ছে না। বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও ব্যাংকের অর্থায়নের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
প্রকল্পের চূড়ান্ত অর্থায়ন চুক্তি বিনিয়োগকারী ব্যাংক, সংশ্লিষ্ট কোম্পানি এবং বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সম্পন্ন হবে বলেও জানান তিনি।
দেড় বছরের মধ্যে উৎপাদন শুরুর পরিকল্পনা
প্রতিমন্ত্রী জানান, প্রকল্পটির আনুষ্ঠানিক কার্যক্রম দ্রুত শুরু করার পরিকল্পনা রয়েছে। আগামী দেড় বছরের মধ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পটি চালু হলে আমিনবাজার ল্যান্ডফিলে জমা হওয়া বিপুল পরিমাণ বর্জ্য বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হবে। এতে একদিকে বর্জ্য ব্যবস্থাপনার নতুন ব্যবস্থা তৈরি হবে, অন্যদিকে জাতীয় গ্রিডে যুক্ত হবে নতুন বিদ্যুৎ।
দক্ষিণ সিটির বর্জ্য থেকেও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য থেকেও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মীর শাহে আলম।
তিনি বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের ল্যান্ডফিলে থাকা বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের জন্য চীনের ‘পাওয়ার চায়না’ নামের একটি কোম্পানি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছে।
প্রতিমন্ত্রী জানান, তারা চীনা পক্ষকে অনুরোধ করেছেন, যাতে দ্রুত দক্ষিণ সিটি করপোরেশনের ল্যান্ডফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়।
তার ধারণা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবহার করেও প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।
পরিবেশ সুরক্ষায় গুরুত্ব
মীর শাহে আলম বলেন, রাজধানীর ময়লা-আবর্জনা দীর্ঘদিন ধরে নগর ব্যবস্থাপনার জন্য বড় বোঝা হয়ে আছে। প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হলেও তা পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনা করা কঠিন হয়ে পড়ছে।
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তিনি বলেন, বিদ্যুতের ইউনিটপ্রতি দাম বেশি হলেও পরিবেশগত সুবিধা বিবেচনায় নিলে এ প্রকল্পের সামগ্রিক সুফল পাওয়া যাবে।
চীনের সঙ্গে আরও কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা
সাক্ষাৎকালে বাংলাদেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে চীনের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল এবং মোংলা বন্দর উন্নয়নেও চীনের আগ্রহ রয়েছে। মোংলা বন্দর উন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সঙ্গে যোগাযোগ ও সংযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় নতুন একটি দৃষ্টান্ত তৈরি হতে পারে। তবে প্রকল্পের বাস্তবায়ন, বিদ্যুতের ক্রয়মূল্য এবং দীর্ঘমেয়াদি আর্থিক ও পরিবেশগত সুফল কতটা নিশ্চিত করা যায়, সেটিই এখন দেখার বিষয়।
জিরো কস্টে মালয়েশিয়ায় যাবেন ১০ হাজার বাংলাদেশি কর্মী
বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে (জিরো কস্ট) মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ।শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান ভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে।
১২ ঘন্টা আগে
দল নিরপেক্ষভাবেই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করব: মির্জা ফখরুল
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও দেশের কল্যাণে তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করবেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তার একমাত্র লক্ষ্য।শুক্রবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এসব কথা বলেন।রাষ্ট্রপতি...
১৪ ঘন্টা আগে
জহির উদ্দিন স্বপন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) করার পর এবার তাকে আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয়...
১৫ ঘন্টা আগে
‘বিরোধী দলের আন্দোলনে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে’: পানিসম্পদমন্ত্রী
বিরোধী দলের আন্দোলনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং এ ধরনের কর্মসূচি এলাকার পাশাপাশি দেশের জন্যও ক্ষতিকর বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বাংলাদেশ যদি সবসময় আন্দোলনের মধ্যে থাকে, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়।শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফের...
১৭ ঘন্টা আগে
