রাজনীতি

সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা, ‘সরাসরি ভোটে নির্বাচনের’ পক্ষে অবস্থান

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রস্তাব পেয়েও তা কৃতজ্ঞতার সঙ্গে প্রত্যাখ্যান করেছেন তাসনিম জারা। তিনি জানিয়েছেন, নীতিগত অবস্থানের কারণে তিনি এই প্রস্তাব গ্রহণ করেননি।

মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে তাসনিম জারা লিখেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণার পর অনেকেই তার সংসদে না যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি কৃতজ্ঞতার সঙ্গে তা ফিরিয়ে দিয়েছি।”

তিনি উল্লেখ করেন, সংসদে গিয়ে মানুষের স্বার্থে কাজ করার সুযোগ ফিরিয়ে দেওয়া সহজ ছিল না। তবে তিনি আগে থেকেই সংরক্ষিত নারী আসন সরাসরি জনগণের ভোটে পূরণের পক্ষে মত দিয়ে আসছেন। ঐকমত্য কমিশনে এ বিষয়ে যুক্তি উপস্থাপন এবং জনসমর্থন আদায়ের কথাও তুলে ধরেন তিনি।

তাসনিম জারা বলেন, “এমপি হওয়ার প্রস্তাব পাওয়ার পর ভিন্ন অবস্থান নেওয়া আমার পক্ষে সম্ভব না।”

বর্তমানে সংরক্ষিত আসনে নির্বাচিত হতে যাওয়া প্রার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, তার অবস্থান কোনো ব্যক্তিকে লক্ষ্য করে নয়, বরং একটি কাঠামোগত ব্যবস্থার বিরুদ্ধে।

তার মতে, সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা ভোটারদের কাছে জবাবদিহি করেন এবং প্রয়োজনে দলের বিরুদ্ধেও অবস্থান নিতে পারেন। বিপরীতে দলীয় মনোনয়নে নির্বাচিতদের নির্দিষ্ট নির্বাচনি এলাকা বা ভোটার না থাকায় জবাবদিহির কাঠামো দুর্বল থাকে।

বাংলাদেশের মোট জনসংখ্যার বড় অংশ নারী উল্লেখ করে তিনি বলেন, নারীদের প্রতিনিধিত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই আসা উচিত। সংরক্ষিত আসন থাকলেও সেগুলো সরাসরি ভোটের মাধ্যমে নির্ধারণের আহ্বান জানান তিনি।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাত্র ১৯ দিনের প্রচারে তিনি ৪৪ হাজারের বেশি ভোট পেয়েছিলেন। নির্বাচনে অনিয়মের অভিযোগ থাকলেও ফলাফল মেনে নিয়েছেন বলে জানান।

তাসনিম জারা বলেন, “আমি যদি কখনো সংসদে যাই, আপনাদের ভোটেই যাব।” পাশাপাশি তিনি সংসদের বাইরে থেকেও সমাজের জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom