রাজনীতি

শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

১৯ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান বলেছেন, সমাজে শ্রমজীবী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি হলেও তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। এই বৃহত্তর জনগোষ্ঠীকে অবহেলা করে কোনো সমাজে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট চত্বরে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটির আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

ডা. শফিকুর রহমান বলেন, “শ্রমিক অঙ্গনে ন্যায্যতা ও মর্যাদা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে ন্যায়, ইনসাফ ও মানবতার ভিত্তিতে শ্রমিকরা সম্মানের সঙ্গে বাঁচতে পারবে।”

তিনি অভিযোগ করেন, শ্রমিক অধিকার আদায়ের নামে কিছু নেতা ব্যক্তিস্বার্থে আন্দোলনকে ব্যবহার করেন। “শ্রেণি সংগ্রাম বা ‘শ্রেণি শত্রু খতম’—এই ধরনের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। মালিক ও শ্রমিকের পারস্পরিক সহযোগিতা ও শ্রদ্ধার ভিত্তিতেই একটি স্থিতিশীল অর্থনীতি গড়ে উঠতে পারে,” বলেন তিনি।

মালিক-শ্রমিক সম্পর্ক প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “মালিক যদি শ্রমিকের প্রতি ন্যায়বিচার করেন, তাহলে শ্রমিকও তার সর্বোচ্চ শ্রম ও দক্ষতা দিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেবে। কিন্তু শোষণ হলে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়।”

বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জীবিকার তাগিদে অনেক শ্রমিক ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি জমান। “তারা দেশের জন্য রেমিট্যান্স পাঠান, অথচ যথাযথ মর্যাদা পান না। দালালচক্র ও বিভিন্ন হয়রানির কারণে তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়,” উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বিদেশে থাকা শ্রমিকদের জন্য দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা থাকা জরুরি। “যদি এসব প্রতিষ্ঠান শ্রমিকদের সেবা দিতে ব্যর্থ হয়, তাহলে তাদের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন ওঠে,” বলেন তিনি।

সমাবেশে শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সংসদের ভেতরে ও বাইরে শ্রমজীবী মানুষের পক্ষে আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আশা প্রকাশ করেন, মালিক ও শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom