বানিজ্য

রমজানের শুরুতেই অস্থির নিত্যপণ্যের বাজার, দিশাহারা ক্রেতারা

অনলাইন ডেস্ক

১ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


পবিত্র রমজান মাসের শুরুতেই দেশের বিভিন্ন জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। বাড়তি দামে পণ্য কিনতে গিয়ে নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যআয়ের মানুষের।

সুনামগঞ্জে দ্বিগুণ দামে শসা-গাজর

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জানান, রমজান ঘিরে পৌর শহরের কাঁচাবাজারে পেঁয়াজ, রসুন, শসা, লেবু ও গাজরের দাম বেড়েছে। এক সপ্তাহ আগে শসা ৪০ টাকা ও গাজর ৫০ টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে উভয় পণ্যই ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে।

দেশি পেঁয়াজ কেজিতে ১২-১৩ টাকা বেড়ে ৫৫-৬০ টাকা, দেশি রসুন ১৩০ টাকা এবং চায়না রসুন ১৭০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ ১৮০-২০০ টাকা কেজি।

মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। গরুর মাংস ৭৫০-৮৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং সোনালি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁর সাপাহারে ইফতার সামগ্রীতে বাড়তি চাপ

সাপাহার উপজেলা-এ ছোলা ৮০ টাকা থেকে বেড়ে ৯০-১০০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা মরিচ ১৫০-১৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লেবুর দামও হালিতে ৩০ টাকা বেড়েছে।

খোলা সয়াবিন তেল ও বেসনের দাম বেড়েছে, আর বোতলজাত তেল অনেক দোকানে পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুধের দাম দ্বিগুণ

ফুলবাড়ী উপজেলা-তে রমজান শুরুর আগে যেখানে দুধ লিটারপ্রতি ৫০-৬০ টাকায় বিক্রি হতো, এখন তা ১০০-১১০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য নিত্যপণ্যও সাত দিনের ব্যবধানে বেশি দামে বিক্রি হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার জানান, বাজার নিয়ন্ত্রণে তদারকি চলছে।

পাবনার চাটমোহরে ‘বেগুনে আগুন’

চাটমোহর উপজেলা-এ বেগুনের কেজি ৮০-৯০ টাকা, কাঁচা মরিচ ১৬০-২০০ টাকা, লেবু ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাধারণ মানের খেজুর ২৪০-২৫০ টাকা কেজি, আর উন্নত মানের খেজুর তিন হাজার টাকা পর্যন্ত।

মুরগির দামও বেড়েছে-ব্রয়লার ১৯০-২০০ টাকা, সোনালি ২৯০ টাকা, দেশি ৪৮০-৫০০ টাকা কেজি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবসায়ীরা পরিবহন সমস্যা, চাহিদা বৃদ্ধি ও আমদানি কম থাকার কথা বললেও ক্রেতাদের অভিযোগ-রমজান এলেই অযৌক্তিকভাবে দাম বাড়ে। প্রশাসন তদারকি জোরদারের কথা জানালেও সাধারণ মানুষ দ্রুত বাজার স্থিতিশীল হওয়ার প্রত্যাশা করছেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom