কে এই নেপালি মডেল? ভাইরাল ‘চিকরি চিকরি’ গানে নেচে আলোচিত
বিনোদন ডেস্ক
ঠোঁটে সিগারেট, পরনে শার্ট–প্যান্ট, গলায় স্কার্ফ—সবুজ পাহাড়ের কোলে ‘চিকরি চিকরি’ গানের তালে নাচছেন এক তরুণী। সপ্তাহখানেক ধরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক থেকে ইউটিউব—সব প্ল্যাটফর্মেই এই নাচ এখন ট্রেন্ডিং।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপালসহ এশিয়ার বিভিন্ন দেশে তরুণীর নাচ প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই জানতে চাইছেন—তিনি কে? গানটি কোথা থেকে এল?
আলোচিত তরুণীর নাম আশমা বিশ্বকর্মা। তিনি নেপালের মেয়ে; পেশায় মডেল ও নৃত্যশিল্পী। ‘চিকরি চিকরি’ গানে নেচে তিনি নেপালের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছেন। তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা দ্রুত বাড়ছে।
‘চিকরি চিকরি’ গানটি মুক্তির অপেক্ষায় থাকা তেলেগু সিনেমা ‘পেড্ডি’–র। বুচি বাবু সানা পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৭ মার্চ। গানটি গত ৭ নভেম্বর প্রকাশ করেছে টি সিরিজ। সুর করেছেন এ আর রাহমান; তেলেগু ও হিন্দি ভার্সনে গেয়েছেন মোহিত চৌহান।
গানের দৃশ্য ধারণ করা হয়েছে পাহাড়ি এলাকায়। ভিডিওতে দক্ষিণ ভারতীয় তারকা রাম চরণ–কে সিগারেট হাতে নাচতে দেখা যায়; কখনো ক্রিকেট ব্যাটও হাতে তুলে নেন। তাঁর সঙ্গে রয়েছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। গানটি প্রকাশের পর রাম চরণের নাচের স্টেপটি ভাইরাল হয়। অনেকে কাভার করলেও আশমা বিশ্বকর্মার নাচই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে।
আশমা ১১ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন। পাহাড়ি লোকেশনে রাম চরণের নাচ অনুসরণ করে বানানো ভিডিওটি প্রকাশের পরপরই তুমুল সাড়া ফেলে। এক সপ্তাহে ৪৪ সেকেন্ডের ভিডিওটি দেখা হয়েছে সাত কোটিরও বেশি বার। ভিডিওটি ধারণ ও সম্পাদনা করেছেন সুরজ অধিকারী।
শুধু ইনস্টাগ্রামেই ভিডিওটি দেখা হয়েছে ২ কোটি ১৮ লাখের বেশি বার। অভিনেত্রী জাহ্নবী কাপুরও ১৩ নভেম্বর ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। টিকটকে ভিডিওটি দেখা হয়েছে ২ কোটি ১৭ লাখ বার, ফেসবুকে ২ কোটির বেশি বার এবং ইউটিউবে ১ কোটি ১০ লাখ বার। এর আগে আশমার কোনো ভিডিওই ফেসবুকে দুই কোটির বেশি ভিউ পায়নি।
নেপালে আশমার পরিচিতি নতুন নয়—তিনি মডেল হিসেবে বহু গানের ভিডিওতে কাজ করেছেন, সিনেমাতেও যুক্ত ছিলেন। ২০১০ সাল থেকে তিনি নেপালি জনপ্রিয় নাচের দল ‘দ্য কার্টুনস ক্রু’–র সদস্য। ‘ফ্যান্টাস্টিক’, ‘নাই মালাই থা চান’সহ বেশ কিছু জনপ্রিয় গানের মাধ্যমে দলটি এরই মধ্যে পরিচিতি পেয়েছে।

