ক্যাম্পাস

জকসু নির্বাচনের ৮ কেন্দ্রের ফল ঘোষণা, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

অনলাইন ডেস্ক

২ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)—এই তিনটি শীর্ষ পদেই ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল এগিয়ে রয়েছে।  তবে ভিপি পদে শিবির ও ছাত্রদল সমর্থিত প্রার্থীদের মধ্যে ব্যবধান মাত্র ৬ ভোটের হওয়ায় চূড়ান্ত ফল নিয়ে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।

বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, ভিপি পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৮১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ ৮২৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। একই পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ৪২২ ভোট।

অন্যদিকে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৭৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৬৯০ ভোট।

নির্বাচনের সার্বিক চিত্রে দেখা যাচ্ছে, শীর্ষ তিন পদসহ অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক—এই দুই পদে এখনো ছাত্রদল সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে রয়েছেন।

এদিকে ভোট গণনা প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই নানা জটিলতা দেখা দেয়। যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনা দীর্ঘ সময় স্থগিত থাকে। পরে ম্যানুয়াল ও মেশিন—উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে প্রায় পাঁচ ঘণ্টা বিরতির পর পুনরায় ভোট গণনা শুরু হয়। তবে বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মাত্র ৮টি কেন্দ্রের ফলাফলই ঘোষণা করতে পেরেছে নির্বাচন কমিশন। এখনো ৩১টি কেন্দ্রের ভোট গণনা বাকি রয়েছে।

যেসব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, সেগুলো হলো— নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, ভূগোল, ফার্মেসি, সিএসই, মাইক্রোবায়োলজি, ফিন্যান্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

নির্বাচন কমিশন জানিয়েছে, অবশিষ্ট কেন্দ্রগুলোর ভোট গণনা শেষ হলে ধারাবাহিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। চূড়ান্ত ফল ঘোষণার আগ পর্যন্ত জকসু নির্বাচনের ফলাফল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও অপেক্ষা অব্যাহত রয়েছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom