অপরাধ

এসএসসি কেন্দ্রে এমপির ফেসবুক লাইভ, নীতিমালা লঙ্ঘনের অভিযোগে সমালোচনা

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


কুমিল্লার হোমনা উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ফেসবুক লাইভ করার অভিযোগ উঠেছে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার বিরুদ্ধে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষার সময় কঠোর নিরাপত্তা ও বিধিনিষেধ থাকা সত্ত্বেও এমপি সেলিম ভুঁইয়া কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। এরপর তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভ সম্প্রচার করেন এবং কেন্দ্রের পরিবেশ ও পরীক্ষার কার্যক্রম প্রদর্শন করেন।

লাইভ চলাকালীন তিনি কিছু পরীক্ষার্থীর সঙ্গে কথাও বলেন, তাদের পরীক্ষা কেমন হচ্ছে তা জানতে চান। এতে পরীক্ষার্থীরা বিব্রত হয় এবং তাদের মনোযোগে ব্যাঘাত ঘটে বলে অভিযোগ করেছেন অনেকে।

একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “পরীক্ষার সময় এভাবে মোবাইলে লাইভ করার কারণে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়েছে। প্রায় ১০ মিনিট লাইভ করা হয়েছে, এটা ঠিক হয়নি।”

শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে অননুমোদিত প্রবেশ ও মোবাইল ফোন বা ডিজিটাল ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনও উদ্বেগ প্রকাশ করেছে।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ বলেন, “নির্ধারিত শিক্ষক ও কেন্দ্র সচিব ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারেন না। কেন্দ্রের ভেতরে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহারও নিষিদ্ধ।”

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, “কেন্দ্রের ভেতরে মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিত করেছি।”

তবে অভিযোগের বিষয়ে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, “এসএসসি পরীক্ষার্থীদের খোঁজ নিতে কেন্দ্রে গিয়েছিলাম। সবকিছু ঠিকভাবে চলছিল কি না তা দেখেছি। এলাকার প্রতিনিধি হিসেবে খোঁজ নেওয়া স্বাভাবিক। তবে লাইভ করা যাবে কিনা, সেটা আমার জানা ছিল না।”

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালে এ ধরনের কর্মকাণ্ড নীতিমালা লঙ্ঘন কিনা-তা নিয়েও প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom