চোট–জর্জরিত নেইমারের হ্যাটট্রিকে সান্তোসের টিকে থাকার লড়াইয়ে বড় জয়
অনলাইন ডেস্ক
ক্রমাগত চোটে ভুগছেন নেইমার। মাঠে তাঁর নামাটাই এখন বড় খবর। তবে আজ যেন কিছুটা হলেও ফিরে পেয়েছিলেন নিজের পুরোনো সেই সোনালি ছন্দ। ব্রাজিলিয়ান সিরি আ–তে জুভেন্তুদের বিপক্ষে সান্তোসের ৩–০ গোলের জয়ে একাই তিন গোল করে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ব্রাজিলীয় সুপারস্টার।
বিরতির পর মাত্র ১৭ মিনিটের ব্যবধানে ৫৬, ৬৫ ও ৭৩ মিনিটে গোল তিনটি করেন নেইমার। শেষ গোলটি আসে পেনাল্টি থেকে। প্রায় তিন বছর সাত মাস ২৫ দিন পর—মোট ১৩৩৫ দিন পর হ্যাটট্রিকের স্বাদ পেলেন তিনি। সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন ২০২২ সালের ৯ এপ্রিল পিএসজির হয়ে ক্লেঁয়ারমন্তের বিপক্ষে।
ম্যাচে ব্যবহৃত বলটি স্যুভেনির হিসেবে সঙ্গে করে নিয়ে যান নেইমার।
চোট নিয়েই মাঠে নেমে অবাক করলেন
সাম্প্রতিক বাঁ হাঁটুর গুরুতর চোটের কারণে চলতি মৌসুমে আর মাঠে নামার কথা ছিল না নেইমারের। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছিল, সান্তোসের শেষ তিন ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। কিন্তু অবনমনের শঙ্কায় থাকা ক্লাবকে বাঁচাতে ঝুঁকি নিয়ে খেলেছেন তিনি।
২৯ নভেম্বর স্পোর্টের বিপক্ষে ৩–০ গোলের জয়ে গোল করা ও করানোর পর নেইমার নিজেই বলেন, দলকে টেনে তোলার জন্যই চোটে থেকেও মাঠে নামার সিদ্ধান্ত।
জুভেন্তুদের বিপক্ষে ম্যাচেও বাঁ হাঁটুর মেনিসকাসে ব্যথা নিয়েই প্রতিরক্ষামূলক সাপোর্ট পরে খেলেছেন তিনি। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো নিশ্চিত করেছে নেইমার ‘ব্যথা নিয়েই’ ম্যাচটি খেলেছেন।
অবনমন এড়াতে স্বস্তির জয়
টানা দুই ম্যাচে নেইমারের অনুপ্রেরণাদায়ী পারফরম্যান্সে অবনমন অঞ্চলের সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়িয়েছে সান্তোস। ৩৭ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৪৪। ১৭তম স্থানে থাকা ভিতোরিয়ার পয়েন্ট ৪২। লিগে শেষ ম্যাচে রোববার ক্রুজেইরোর মুখোমুখি হবে সান্তোস—সেই ম্যাচ জিতলেই প্রথম বিভাগে টিকে থাকা নিশ্চিত।
বিশ্বকাপের আগে বড় চাপ নেইমারের ওপর
ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে, যে ম্যাচে তিনি এসিএল চোটে পড়েন। চলতি মৌসুমেই চারবার চোটে পড়েছেন নেইমার। তবে আগামী বিশ্বকাপে জায়গা করে নিতে তাঁকে নিয়মিত খেলতেই হবে।
ব্রাজিলের পরবর্তী ম্যাচ মার্চে প্রীতি ম্যাচ। এর পরই কার্লো আনচেলত্তি ঘোষণা করবেন বিশ্বকাপ স্কোয়াড। ফলে সান্তোসের হয়ে বাকি সময়টুকুই নেইমারের জন্য নিজেকে প্রমাণের বড় মঞ্চ।
সান্তোসে থাকা নিয়ে দ্বিধায় নেইমার
মৌসুম শেষে সান্তোসে থাকবেন কি না—এ নিয়ে জল্পনা তুঙ্গে। অ্যামাজন প্রাইমকে নেইমার বলেন,
“আমি জানি না। সত্যি বলতে জানি না। আগে মৌসুম শেষ করতে চাই। তারপর ভাবব। সান্তোসই আমার অগ্রাধিকার।”
৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হচ্ছে তাঁর বর্তমান চুক্তির।
চোট নিয়ে নেইমারের মনখোলা স্বীকারোক্তি
৩৩ বছর বয়সী এই তারকা বলেন,
“মাঠে থাকতে অনেক পরিশ্রম করি। নিজের স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। ক্যারিয়ারের ক্ষতি করতে চাই না। কিন্তু যা হওয়ার হচ্ছে। মাসের পর মাস, বছরের পর বছর চোটের সঙ্গে লড়ছি। তবু ফিরে আসার চেষ্টা করছি।”

