সারাদেশ
বগুড়ায় নির্বাচন অফিসে দুই বিএনপি নেতার ধস্তাধস্তি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলা নির্বাচন কার্যালয়ের ভেতরেই বিএনপির দুই নেতার মধ্যে হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। দলীয় প্রার্থীর উপস্থিতিতেই এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এবার মুখ খুলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, নির্বাচনী মাঠে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন বা ফৌজদারি অপরাধ ঘটলে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার বগুড়া জেলা নির্বাচন অফিসের ভেতরে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এবং জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন। বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নিজ দলের দুই নেতার মধ্যে এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
বগুড়া-৬ (সদর) আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনপূর্ব সময়ে কোনো বিশৃঙ্খলা হলে তা আচরণবিধির আওতায় পড়বে। বিশেষ করে প্রতীক বরাদ্দের পর থেকে গেজেট নোটিফিকেশন পর্যন্ত সময়ের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বিদ্যমান নির্বাচনী আইন ও দণ্ডবিধি অনুযায়ী মামলা করা হবে।
তিনি আরও জানান, তফসিল ঘোষণার পর যেকোনো অভিযোগ এলে বা সরাসরি কোনো অপরাধ সংঘটিত হলে মাঠে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২ মার্চ। পরবর্তী ধাপগুলো হলো-
৫ মার্চ মনোনয়নপত্র বাছাই
৬ থেকে ১০ মার্চ আপিল দায়ের
১১ মার্চ আপিল নিষ্পত্তি
১৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়
১৫ মার্চ প্রতীক বরাদ্দ

