বানিজ্য

অন্তর্বর্তী সরকারের মেয়াদে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না

অনলাইন ডেস্ক

২ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি সই হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী জানান, রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিপি ওয়ার্ল্ডের পাঠানো একটি চিঠি এসেছে। ওই চিঠিতে এনসিটি ইজারা চুক্তি নিয়ে চলমান দর-কষাকষির (নেগোসিয়েশন) অগ্রগতির প্রশংসা করা হয়েছে এবং এ বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

ডিপি ওয়ার্ল্ড তাদের চিঠিতে জানিয়েছে, শেয়ার করা খসড়া কনসেশন চুক্তি তারা গ্রহণ ও বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে। তবে চুক্তিটির কিছু দিক আরও গভীরভাবে পুনর্মূল্যায়নের (রিভিউ) জন্য অতিরিক্ত সময় প্রয়োজন বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ভবিষ্যতে এই নেগোসিয়েশন আরও এগোবে এবং সঠিক দিকেই যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে তারা।

বিডা চেয়ারম্যান বলেন, “অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক মেয়াদ আর মাত্র দুই কার্যদিবস রয়েছে। যেহেতু ডিপি ওয়ার্ল্ড সময় চেয়েছে, তাই বিষয়টি বর্তমান সরকারের মেয়াদ অতিক্রম করে নির্বাচন-পরবর্তী সময়ে গিয়ে পুনরায় আলোচনা হওয়ার সম্ভাবনাই বেশি।”

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশিক চৌধুরী বলেন, “এই সরকারের সময়ে চুক্তি স্বাক্ষর হচ্ছে না—এটা প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। কারণ আর মাত্র দুই কার্যদিবস আছে। এর মধ্যে ডিপি ওয়ার্ল্ডের পুনরায় মতামত পাওয়া, তারপর বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন ও অনুমোদন নিয়ে চুক্তি সই করা সময়ের বিবেচনায় অত্যন্ত কঠিন।”

তিনি আরও জানান, নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৯ সালে। তবে গত এক মাসে প্রকল্পটির চূড়ান্ত ধাপের দর-কষাকষি শুরু হয়।

এদিকে এনসিটি ইজারা না দেওয়ার দাবিতে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। এর ফলে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারির কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

সীমিত পরিসরে সকালে জেটিতে কিছু সময় পণ্য খালাসের কাজ চললেও বর্তমানে সেটিও বন্ধ রয়েছে। পাশাপাশি বহির্নোঙরেও পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom