আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মধুমিতা, ঠিক হলো বিয়ের তারিখ
বিনোদন ডেস্ক
জনপ্রিয় ভারতীয় বাংলা ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’–তে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া অভিনেত্রী মধুমিতা সরকার নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। প্রায় এক বছর ধরে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীকে নিয়ে খোলামেলা ছিলেন তিনি; এবার তাদের প্রেমের গল্প আনুষ্ঠানিক পরিণতি পেতে যাচ্ছে বিয়ের মধ্য দিয়ে।
২০২৪ সালের অক্টোবরে নতুন প্রেমের কথা জানান মধুমিতা। তারপর থেকে পাহাড়–জঙ্গল থেকে শুরু করে নানান ঘুরতে বেরোনোর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা গেছে মধুমিতা ও পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্যকে। মার্চের মাঝামাঝি সময়ে অভিনেত্রী জানান, ডিসেম্বর বা জানুয়ারির শুরুর দিকেই তারা সাতপাকে বাঁধা পড়তে চান।
ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, আগামী বছরের ২৩ জানুয়ারি মধুমিতা–দেবমাল্যর বিয়ে অনুষ্ঠিত হবে। এলাহি আয়োজনের এই বিয়ের আসর বসবে বারুইপুর রাজবাড়িতে। সাবেকি সাজই এই জুটির প্রথম পছন্দ—সেভাবেই সাজবেন দুজন।
শুধু বিয়ে নয়, রিসেপশনের আয়োজনও চূড়ান্ত হয়েছে। ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে হবে রিসেপশন অনুষ্ঠান। বিনোদন জগতের অনেক পরিচিত মুখ এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
জনপ্রিয়তা পাওয়া ধারাবাহিকের পাশাপাশি মধুমিতা কাজ করেছেন একাধিক সিনেমায়—‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’ তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র।
ব্যক্তিগত জীবনে এর আগেও একবার বিয়ে করেছিলেন মধুমিতা। অল্প বয়সে অভিনেতা–পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধলেও সেই সম্পর্ক টেকেনি; ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। একই বছর দেবমাল্যের সঙ্গে পরিচয় হয় তার।
সবকিছু ঠিক থাকলে ২৩ জানুয়ারি চার হাত এক হবে মধুমিতা–দেবমাল্যের। নতুন দাম্পত্যজীবনের অপেক্ষায় এখন এই তারকা জুটি।


