ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোটগ্রহণ শুরু

অনলাইন ডেস্ক

২ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫-এর ভোটগ্রহণ শুরু হয়েছে।  সোমবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এ ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়, যা চলবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

ভোটগ্রহণের দিন সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে কঠোর নিরাপত্তা ও নজরদারি লক্ষ্য করা গেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা নির্ধারিত নিয়ম মেনে দ্বিতীয় গেট দিয়ে নিজেদের পাস ও আইডি কার্ড প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করেন। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক নির্দেশনা জারি করেছে।

নির্দেশনা অনুযায়ী, ভোট প্রদানকারী শিক্ষার্থীরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। ভোট প্রদান শেষে শিক্ষার্থীদের ২ ও ৩ নম্বর গেট ব্যবহার করে ক্যাম্পাস ত্যাগ করতে বলা হয়েছে। অন্যদিকে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ের আগেই কেবল ২ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশের নির্দেশ দেওয়া হয়। কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন করে প্রবেশ করতে হবে এবং জরুরি প্রয়োজন ছাড়া ক্যাম্পাসের বাইরে যাতায়াত না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের ব্যাংক গেট ও পোগোজ স্কুল গেট সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। এছাড়া, ক্যাম্পাসের ভেতরে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যদের ভোট চলাকালীন সময়ে ক্যাম্পাসে ঘোরাফেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ভোটগ্রহণ শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত ক্যাম্পাসের ভেতরে একটি মেডিকেল টিম সার্বক্ষণিক অবস্থান করবে বলে জানিয়েছে প্রশাসন। একই সঙ্গে নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত নন এমন সব কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত ঘোষণা করে। এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভে নামলে পরে প্রশাসন পুনর্বিবেচনা করে ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করে।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই জকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom