আন্তর্জাতিক

বাংলাদেশে রেকর্ড উৎপাদনের ধাক্কায় ভারতে পেঁয়াজের প্রতীকী শেষকৃত্য

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


{news.title}

বাংলাদেশে পেঁয়াজের রেকর্ড উৎপাদনের প্রভাব এবার গিয়ে পড়েছে প্রতিবেশী দেশ ভারতের কৃষকদের ওপর। মাত্র দুই রুপিতেও ক্রেতা না পাওয়ায় মধ্যপ্রদেশে বহু কৃষক প্রতীকীভাবে ‘পেঁয়াজের শেষকৃত্য’ আয়োজন করে ক্ষোভ প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এসব ভিডিও দেশটিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি বছরে বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সরকারি হিসেবে দেশে কোনো ঘাটতি নেই, ফলে কৃষকের স্বার্থে বাংলাদেশ সরকার আমদানি বন্ধ রাখে। আর সেই সিদ্ধান্তের বড় প্রভাব পড়ে ভারতের মধ্যপ্রদেশের মান্দাসৌর অঞ্চলে—যেখানে বাংলাদেশের বাজার হারিয়ে চাষিদের পেঁয়াজ এখন অতি সস্তায়ও বিক্রি হচ্ছে না।

মধ্যপ্রদেশের কৃষকেরা জানাচ্ছেন, কেজিপ্রতি দুই রুপি দামে পেঁয়াজ বিক্রির চেষ্টা করেও ক্রেতা পাচ্ছেন না। বাধ্য হয়ে কেউ রাস্তার ধারে বস্তা ফেলে প্রতিবাদ করছেন, আবার কেউ প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করে ক্ষোভ জানাচ্ছেন। তাদের অভিযোগ, বাংলাদেশে রপ্তানি বন্ধ থাকায় বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি হয়ে ভয়াবহ দরপতন হয়েছে।

অন্যদিকে বাংলাদেশে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। নতুন দেশি পেঁয়াজের সরবরাহে বাজারে স্বস্তির হাওয়া বইছে। শিগগিরই বাজারে আসছে মুড়িকাটা পেঁয়াজ—যা রবি মৌসুমে দেশের মোট উৎপাদনের প্রায় ৭০ শতাংশ পূরণ করে এবং তিন থেকে পাঁচ মাস বাজার স্থিতিশীল রাখে। এর সঙ্গে খারিফ–১ মৌসুমের উৎপাদন যুক্ত হওয়ায় সারা বছর দেশীয় পেঁয়াজের যোগান স্থিতিশীল থাকে, ফলে আমদানির প্রয়োজন উল্লেখযোগ্যভাবে কমে যায়।

ভারতের ইকোনমিক টাইমস জানায়, বাংলাদেশ আগে ভারতের মোট পেঁয়াজ রপ্তানির প্রায় এক-তৃতীয়াংশ কিনত। কিন্তু এবার বাংলাদেশে উৎপাদন রেকর্ড পরিমাণ হওয়ায় কৃষকের স্বার্থেই আমদানি বন্ধ রাখা হয়েছে। ফলে ভারতের পাইকারি বাজারে বিপুল পরিমাণ পেঁয়াজ বিক্রি না হয়ে পচে যাচ্ছে।

ভারতীয় ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, রপ্তানি বন্ধ থাকাই এই সংকটের মূল কারণ। অন্যদিকে বাংলাদেশের কৃষকেরা মনে করছেন, নিজস্ব উৎপাদনেই দেশে পেঁয়াজের চাহিদা পূরণ হচ্ছে এবং বাজারও স্থিতিশীল থাকছে—যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom