যশোরে যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সাবেক নেতার বিরুদ্ধে দুই মামলা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
যশোর জেলা যুবদলের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, কুৎসা রটনা, ব্ল্যাকমেইল ও জীবননাশের হুমকির অভিযোগে সংগঠনটির সাবেক এক নেতার বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সাইবার সুরক্ষা আইনে মামলা দুটি করেন জেলা যুবদলের আহ্বায়ক এ কে আজাদ তমাল আহমেদ এবং সদস্য সচিব আনছারুল হক রানা।
অভিযুক্ত এস্কেন্দার আলী জনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলাম মানিকের ছেলে। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এস্কেন্দার আলী জনি একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। এরপর থেকেই তিনি ক্ষুব্ধ হয়ে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া, জনি ও তার সঙ্গে থাকা ২-৩ জন সহযোগী মিলে সংশ্লিষ্ট নেতাদের ব্ল্যাকমেইলের চেষ্টা করছেন এবং তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে নিয়মিত বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়। এমনকি জীবননাশের হুমকির অভিযোগও তোলা হয়েছে।
এ বিষয়ে আহ্বায়ক এ কে আজাদ তমাল আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সংগঠন ও নেতাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছিল। এ কারণে তারা আইনের আশ্রয় নিয়েছেন।
অন্যদিকে, যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

