জাতীয়

তেলের সংকটে ভোগান্তির কথা সংসদে তুলে ধরলেন এমপি আইউবী

অনলাইন ডেস্ক

৮ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


জাতীয় সংসদে জ্বালানি তেলের সংকট নিয়ে নিজের ভোগান্তির কথা তুলে ধরেছেন সালাহ উদ্দিন আইউবী। তিনি বলেন, একাধিক পেট্রোল পাম্প ঘুরেও তেল না পেয়ে শেষ পর্যন্ত গাড়ি রেখে লোকাল পরিবহনে সংসদে যেতে হয়েছে তাকে।

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “আমি নিজেই আটটি পাম্প ঘুরেও তেল পাইনি। অথচ সরকারিভাবে বলা হচ্ছে তেলের কোনো সংকট নেই।”

নিজ নির্বাচনি এলাকার সমস্যার কথাও তুলে ধরেন এই সংসদ সদস্য। তিনি জানান, কাপাসিয়ার ওপর দিয়ে গ্যাসলাইন গেলেও এলাকায় গ্যাস সংযোগ নেই। ফলে শিল্পকারখানা গড়ে ওঠেনি, কর্মসংস্থানের অভাবে যুবসমাজ মাদকের দিকে ঝুঁকছে। তিনি মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানান।

এছাড়া সড়ক অবকাঠামোর দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, তার এলাকার ১,৭৪২ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ১,১৬০ কিলোমিটারই কাঁচা। বর্ষা মৌসুমে এতে চরম ভোগান্তি তৈরি হয়। শীতলক্ষ্যা নদীর ওপর কাপাসিয়ার একমাত্র সেতুতে নির্মাণব্যয়ের কয়েকগুণ অর্থ উঠে গেলেও টোল বন্ধ হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, সংসদে অংশ নিয়ে বিভিন্ন এলাকার সমস্যা তুলে ধরেন আরও কয়েকজন সংসদ সদস্য।

ঝালকাঠি-১ আসনের বিএনপির রফিকুল ইসলাম জামাল বলেন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে তার এলাকার মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হন। নদীভাঙন রোধে বিশেষ প্রকল্প নেওয়ার দাবি জানান তিনি।

চাঁদপুর-২ আসনের বিএনপির মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে এবং জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। অতিরিক্ত অর্থ ছাপানোর অভিযোগ তুলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।

সাতক্ষীরা-৪ আসনের জিএম নজরুল ইসলাম বলেন, রাষ্ট্রপতি এমন একজন হওয়া উচিত যিনি সব দল ও মতের কাছে গ্রহণযোগ্য। পাশাপাশি সুন্দরবননির্ভর মানুষের নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর অভিযান জোরদারের আহ্বান জানান তিনি।

মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপির কামরুজ্জামান রতন একটি হত্যাকাণ্ডের ঘটনায় অপপ্রচারের অভিযোগ তুলে তদন্তের দাবি জানান।

রাজশাহী-৬ আসনের বিএনপির মো. আবু সাইদ চাঁদ বলেন, তার এলাকায় হাজারো মানুষ জমি নিবন্ধন করতে পারছেন না। একই সঙ্গে রাজশাহীর আমভিত্তিক শিল্প গড়ে তোলা ও একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান তিনি।

সংসদে আরও বক্তব্য দেন এস এ জিন্নাহ কবীর, স্বতন্ত্র সদস্য আবদুল হান্নানসহ আরও কয়েকজন সংসদ সদস্য।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom