জাতীয়

সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের

অনলাইন ডেস্ক

১ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও কার্যকর নজরদারি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হবে, যিনি সরাসরি তদারকি ও প্রতিবেদন দাখিল করবেন।

শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম মহানগর এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ট্যাগ অফিসার নিয়োগ করবে। অন্যদিকে, মহানগরের বাইরে বিভাগীয় ও জেলা পর্যায়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) তাদের অধীনস্থ প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেবেন।

ট্যাগ অফিসাররা নির্ধারিত নীতিমালা অনুসরণ করে পেট্রোল পাম্পের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং দৈনিক প্রতিবেদন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে জমা দেবেন। এর মাধ্যমে জ্বালানি সরবরাহ, মজুত ও বিক্রয় পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরকারি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশে অতিরিক্ত তেল কেনা, মজুত ও সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুত সময়ের মধ্যে ট্যাগ অফিসার নিয়োগ সম্পন্ন করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ ভোক্তারা সঠিকভাবে জ্বালানি পেতে সক্ষম হবেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom