প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর: আলোচনায় ট্রাম্প ও শাহবাজ শরীফ
অনলাইন ডেস্ক
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন। বাংলাদেশ সময় রোববার রাতে তিনি ঢাকা ত্যাগ করেন এবং সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সফরের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এই ভাষণে তিনি অন্তর্বর্তী সরকারের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ছয়জন উপদেষ্টা এবং বিএনপি, জামায়াত ও এনসিপির কয়েকজন নেতা।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, যিনি আগেই নিউইয়র্কে পৌঁছেছেন, জানিয়েছেন যে এই সফরে প্রধান উপদেষ্টা বিশ্বনেতাদের কাছে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন। তিনি আরও বলেন, ২৭ সেপ্টেম্বর ড. ইউনূস অভিবাসীদের একটি সমাবেশেও বক্তব্য দেবেন।
এই সফরের ফাঁকে ড. ইউনূস বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এবারের সাধারণ পরিষদের অধিবেশনের মূল প্রতিপাদ্য হলো ‘Better Together: Eighty Years and More for Peace, Development and Human Rights’।

