গণভোটে ‘হ্যাঁ’ ভোটে বাধ্য করা হয়েছে: সংসদে অভিযোগ আন্দালিব পার্থর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে জনগণকে বাধ্য করা হয়েছে বলে সংসদে অভিযোগ তুলেছেন আন্দালিব রহমান পার্থ। তিনি বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন।মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিরোধী দলের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
বিজেপি চেয়ারম্যান ও ভোলা-১ আসনের এই সংসদ সদস্য প্রশ্ন তোলেন, “সংবিধান সংস্কার পরিষদের কথা কোথা থেকে আসছে?” তিনি বলেন, প্রচলিত নিয়ম মেনেই সংবিধান পরিবর্তন করা উচিত এবং এ বিষয়ে আলোচনার মাধ্যমে এগোনোর আহ্বান জানান।
তিনি দাবি করেন, গণভোটে ৭০ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পড়লেও সংবিধান পরিবর্তনের জন্য তাদের জোটও জনগণের ৫১ শতাংশ সমর্থন পেয়েছে।
জুলাই সনদের বিষয়ে তিনি বলেন, এতে মূলত কোনো আপত্তি নেই, তবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে। তার মতে, সংবিধান বাতিল করে নয়, বরং সংশোধনের মাধ্যমে পরিবর্তন আনা উচিত।
গণভোট নিয়ে “টালবাহানা” ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চাপ তৈরির অভিযোগ তুলে তিনি বলেন, “গণভোটে হ্যাঁ ভোট দিতে জনগণকে বাধ্য করা হয়েছে।”
তিনি আরও বলেন, সংবিধান ও জুলাই সনদ—দুটিকেই সমন্বয় করে এগোনো প্রয়োজন এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে সমাধান খুঁজতে হবে।

