সারাদেশ

সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবিতে ফার্মগেট অবরোধ, তীব্র যানজট

অনলাইন ডেস্ক

২ মাস আগে


{news.title}

তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত উচ্চমাধ্যমিক শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন। অবরোধের ফলে ফার্মগেটসহ আশপাশের প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

সড়ক অবরোধ চলাকালে কয়েক দফা অফিসগামী যাত্রীদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। এ সময় যাত্রীরা সড়ক অবরোধের পরিবর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শান্তিপূর্ণভাবে দাবি জানানোর অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ফার্মগেট এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ ও অন্যান্য বাহিনীর কর্মকর্তারা জানান, তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হন উচ্চমাধ্যমিক ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। ঘটনার চার দিন পর, বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত বিচার ও ক্যাম্পাসে নিরাপদ শিক্ষাব্যবস্থা নিশ্চিতের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom