সারাদেশ

মোংলায় বিএনপি নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার

অনলাইন ডেস্ক

৪ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। আটক ব্যক্তি স্থানীয়দের দাবি অনুযায়ী ওই নেত্রীর স্বামী।

বাংলাদেশ কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫টার দিকে বাগেরহাটের মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন এলাকার একটি বসতঘরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘর তল্লাশি করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে শান্ত পাড়ই নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক শান্ত পাড়ই মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী গ্রামের পিতর পাড়ইয়ের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি মোংলা থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মহিলা দল–এর সহ-সভাপতি তানিয়া বিশ্বাস লিথির স্বামী।

এলাকাবাসী জানান, অভিযানের সময় তানিয়া বিশ্বাস লিথি বাড়িতেই উপস্থিত ছিলেন। তার সামনেই কোস্ট গার্ড সদস্যরা ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেন। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শান্ত পাড়ই পালানোর চেষ্টা করলে সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।

তবে এই বিপুল পরিমাণ মদের চালানের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তানিয়া বিশ্বাস (লিথি) তার ঘর থেকে মদ উদ্ধারের ঘটনা স্বীকার করে বলেন, তার স্বামী ওয়ার্ড বিএনপির একজন সদস্য। তবে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বিদেশি মদ তাদের নয় বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, মদের মালিক তার স্বামীর পরিচিত এক ব্যক্তি এবং তার অনুরোধেই সাময়িকভাবে এগুলো তাদের ঘরে রাখা হয়েছিল।

এদিকে ঘটনাটি নিয়ে জানতে চাইলে মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার বলেন, বিষয়টি তিনি জেনেছেন। মাদকের বিষয়ে বিএনপির অবস্থান অত্যন্ত কঠোর। দলের কেউ যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে, তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত বিদেশি মদ এবং আটক শান্ত পাড়ইকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে এ নিয়ে তীব্র আলোচনা চলছে।

 

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom